দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৮ দিনে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে আরও ১৪৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
একই সময়ে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ শিশু এবং সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ শিশু।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে মোট ৩ হাজার ৪৪৯ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হামের বিস্তার রোধ করা সম্ভব। এ পরিস্থিতিতে অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।